যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এনবিএ তারকা ডোনোভান মিচেল এক পডকাস্ট সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৩ সালে শিকাগো বুলসের বিপক্ষে তার ক্যারিয়ার সেরা ৭১ পয়েন্টের ঐতিহাসিক ইনিংসের পেছনে মদ্যপানের কিছুটা প্রভাব থাকতে পারে। ভিন্স কার্টার ও ট্রেসি ম্যাকগ্রেডির সঞ্চালনায় ‘কাজিনস’ পডকাস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২ জানুয়ারি। তার আগের দিন ছিল নিউ ইয়ার্স ইভ। মিচেল জানান, নতুন বছরের উদযাপনের অংশ হিসেবে ম্যাচের আগের রাতে তিনি কিছু মদ্যপান করেছিলেন। এটিই ছিল তার ক্যারিয়ারে কোনো ম্যাচের আগে মদ্যপান করার একমাত্র ঘটনা।
ম্যাচটিতে ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ও শিকাগো বুলসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ক্যাভালিয়ার্স ১৪৫-১৩৪ পয়েন্টে জয়ী হয়। ওই ম্যাচে মিচেল একাই ৭১ পয়েন্ট স্কোর করে এনবিএ ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করেন।
মিচেল বলেন, ক্যারিয়ারে এর আগে বা পরে কখনোই তিনি ম্যাচের আগে মদ্যপান করেননি। তবে ওই রাতের পানীয় তার পারফরম্যান্সে কোনোভাবে সহায়তা করেছে বলে তিনি মনে করেন। তার এই স্বীকারোক্তি ক্রীড়া জগতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।