যুক্তরাষ্ট্রের বাজারে স্পিডো তাদের ভ্যানকুইশার গগলসের জন্য নতুন একটি রিমুভেবল বা খুলে আলাদা করা যায় এমন স্মার্ট মডিউল বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই আইকিউ (iQ) মডিউলটি ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক এবং বাটারফ্লাই—এই চার ধরনের সাঁতারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারে। সাঁতারের কৌশল উন্নত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এই প্রযুক্তিতে বিশেষ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা পানির নিচে সাঁতারুর মাথার নড়াচড়া, শ্বাস নেওয়ার সময়কাল এবং প্রতিটি স্ট্রোকের দূরত্ব ট্র্যাক করতে সক্ষম। ফর্মের মতো অন্যান্য স্মার্ট গগলসে ডিসপ্লে থাকলেও স্পিডোর এই মডিউলে কোনো বিল্ট-ইন ডিসপ্লে নেই। এর পরিবর্তে, সব তথ্য সরাসরি স্মার্টফোনের অ্যাপে জমা হয়, যা ব্যবহারকারী সাঁতার শেষে দেখতে পারেন।
এই মডিউলের বড় সুবিধা হলো, এটি এক গগলস থেকে খুলে অন্য ভ্যানকুইশার গগলসে অনায়াসেই লাগানো যায়। এছাড়া এটি ব্যবহারের জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হয় না এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস প্রতিযোগিতায় ব্যবহারের জন্য এটি অনুমোদিত। বর্তমানে বিভিন্ন রঙের ভ্যানকুইশার গগলস এবং আইকিউ মডিউল সেটটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ ডলার।