যুক্তরাষ্ট্রের বাজারে ভলভো তাদের জনপ্রিয় কমপ্যাক্ট ইলেকট্রিক গাড়ি ইএক্স৪০ (EX40) মডেলটি বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের হাইব্রিড এসইউভি এক্সসি৪০ (XC40) মডেলকে নতুন রূপে বাজারে আনার প্রস্তুতি নিয়েছে। ভলভো কার্সের ৩০ ও ৪০ সিরিজের অন্তর্বর্তীকালীন প্রধান অখিল কৃষ্ণান জানান, নকশা, প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এক্সসি৪০-এর সবচেয়ে উন্নত সংস্করণ তৈরি করা হয়েছে।
নতুন এক্সসি৪০ মডেলটি আগামী বছরের শুরুর দিকে ডিলারদের কাছে পৌঁছাবে। গাড়িটিতে বাহ্যিক নকশায় পরিবর্তনের পাশাপাশি ইন্টেরিয়রে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গুগলের জেমিনি এআই (Gemini AI) এআই অ্যাসিস্ট্যান্ট এবং ১১.২ ইঞ্চির বর্ধিত ইনফোটেইনমেন্ট স্ক্রিন।
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে নতুন সফটওয়্যার ও সেন্সর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম রিয়েল-টাইম সংঘর্ষ এড়ানো, স্বয়ংক্রিয় জরুরি ব্রেকিং এবং স্টিয়ারিং সুবিধা প্রদান করবে। এছাড়া নতুন ক্যামেরা, রাডার ও ১২টি আল্ট্রাসোনিক সেন্সর যোগ করা হয়েছে, যা চালককে সাইকেল চালকদের সতর্ক করা এবং লেন পরিবর্তনে সহায়তা করবে।
ইএক্স৪০ মডেলটি বন্ধ করলেও ভলভো ভবিষ্যতে এসপিএ৩ প্ল্যাটফর্মে নতুন ইএক্স৫০ (EX50) আনার পরিকল্পনা করছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই ইলেকট্রিক গাড়িটি যুক্তরাষ্ট্রের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভলভো তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী জ্বালানি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে চাইছে।