যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ন্যাপ ইনকরপোরেটেড তাদের প্ল্যাটফর্মে ‘স্ন্যাপচ্যাট প্ল্যানস’ নামে নতুন একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। স্ন্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুলটি ব্যবহারকারীদের বাস্তব জীবনে (IRL) একে অপরের সাথে দেখা করার পরিকল্পনাকে আরও সহজ করবে। স্ন্যাপচ্যাটের মূল ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশই ইতিমধ্যে গ্রুপ চ্যাটের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন, তাই তাদের সুবিধার জন্যই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ফিচারে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের ভেতর ইভেন্ট তৈরি, আমন্ত্রণ পাঠানো এবং কারা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তা ট্র্যাক করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের ‘মাই প্ল্যানস’ সেকশন থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তিরা ‘গোয়িং’, ‘কান্ট গো’ বা ‘মেবি’ অপশন ব্যবহার করে তাদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন। ইভেন্টে বিটমোজি-থিমযুক্ত কভার আর্ট ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে।
স্ন্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ইভেন্ট গোপনীয় থাকবে এবং শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই তা দেখতে পারবেন। তবে আমন্ত্রিতরা গেস্ট লিস্ট বা অতিথিদের তালিকা দেখতে পাবেন।
বর্তমানে এই ফিচারে কোনো লোকেশন বা স্থান যুক্ত করার অপশন নেই, যা একটি ইভেন্ট পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে স্ন্যাপের একজন মুখপাত্র জানিয়েছেন, কোম্পানিটি বর্তমানে লোকেশন যুক্ত করার সুবিধা নিয়ে কাজ করছে। তবে স্ন্যাপ ম্যাপের সাথে এই ফিচারের কোনো সংযোগ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।