যুক্তরাজ্যের ডারহামের ক্রিকেটার ও ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় তার দীর্ঘ ১১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বারবার ইনজুরিতে পড়া এবং চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন উড। তার গতিময় বোলিং তাকে ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। টেস্টে ৩৮ ম্যাচে ১১৯টি, ৭০টি ওয়ানডেতে ৮০টি এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ উইকেট শিকার করেছেন তিনি।
অবসরের বিষয়ে মার্ক উড বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত এক বছরের পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো কারো কাছে অবাক করার মতো বিষয় নয়। চুক্তির মেয়াদ শেষে এটিই সঠিক সময় বলে মনে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ফেরা তার জন্য আর সম্ভব নয়।
২০০৯ ও ২০২২ সালের দুটি বিশ্বকাপ জয়ে উডের ভূমিকা অনস্বীকার্য। ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ে তিনি ১৮টি উইকেট শিকার করেছিলেন। এছাড়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। অ্যাশেজ সিরিজেও তিনি বহুবার ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সব ফরম্যাট মিলিয়ে ২৫৩টি আন্তর্জাতিক উইকেট নিয়ে মাঠ থেকে বিদায় নিচ্ছেন এই এক্সপ্রেস পেসার।