যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফক্স নিউজ মিডিয়ার নতুন কন্ট্রিবিউটার হিসেবে যোগ দিয়েছেন প্রখ্যাত টেলিভিশন ও পডকাস্ট সঞ্চালক বিলি বুশ। মঙ্গলবার ফক্স নিউজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে ফক্স নিউজের সবকটি প্ল্যাটফর্মে নিয়মিত দেখা যাবে তাকে। আজ রাতে ‘জেসি ওয়াটারস প্রাইমটাইম’ অনুষ্ঠানে প্রথমবার অতিথি হিসেবে উপস্থিত হবেন তিনি।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর বিলি বুশ এক বিবৃতিতে বলেন, ফক্স নিউজ মিডিয়ার বিশাল দর্শকগোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। সমসাময়িক সংস্কৃতি, বিভিন্ন ধারণা এবং জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিজের মতামত শেয়ার করার অপেক্ষায় আছেন তিনি।
বিলি বুশ বর্তমানে তার ডিজিটাল শো ‘হট মাইকস উইথ বিলি বুশ’ সঞ্চালনা করছেন। এর আগে তিনি দীর্ঘ পাঁচ মৌসুম ‘এক্সট্রা’ শোয়ের উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়া এনবিসি’র ‘টুডে থার্ড আওয়ার’, ‘অ্যাকসেস হলিউড’ এবং ‘দ্য বিলি বুশ শো’-তে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, ক্যারিয়ারে বিভিন্ন বড় বিনোদন ইভেন্ট যেমন গোল্ডেন গ্লোবস, গ্র্যামি এবং একাডেমি অ্যাওয়ার্ডস কভার করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অলিম্পিক গেমসের সংবাদ সংগ্রহ এবং প্রিন্স উইলিয়ামের বিয়ের সংবাদ প্রচারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।