যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারড-এর প্রযুক্তি বিশেষজ্ঞ সাইমন হিল বছরের পর বছর ধরে বিভিন্ন বহনযোগ্য সোলার প্যানেল পরীক্ষা করে সেগুলোর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরেছেন। বাড়ির ব্যাকআপ পাওয়ার কিংবা ক্যাম্পিং, আরভি বা কেবিনের মতো স্থানে বিদ্যুৎ সরবরাহের জন্য এই প্যানেলগুলো কতটা কার্যকর, তা যাচাই করাই ছিল তার মূল লক্ষ্য।
পরীক্ষায় জ্যাকারির (Jackery) সোলার সাগা সিরিজকে তিনি সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করেছেন। সাইমন জানান, জ্যাকারির ১০০ ওয়াট এবং ২০০ ওয়াট মডেলগুলো পূর্ণ সূর্যালোকে এবং মেঘলা দিনেও ভালো বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এদের সহজে বহনযোগ্য হাতল এবং চৌম্বকীয় ফোল্ডিং সুবিধা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেয়। তবে ব্র্যান্ডের নিজস্ব বিশেষ চার্জিং পোর্টের কারণে এগুলো অন্য জেনারেটরের সাথে ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
ব্লুয়েটি (Bluetti) প্যানেলগুলোর সক্ষমতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। ৩৫ম ওয়াট এবং ৫০০ ওয়াটের এই প্যানেলগুলো উচ্চ ক্ষমতার জন্য উপযোগী। তবে ৫০০ ওয়াটের প্যানেলগুলো স্থাপনের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়া যানবাহনের ছাদে ব্যবহারের জন্য বুজআরভি (BougeRV) এর ফ্লেক্সিবল সোলার প্যানেলকে সেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তিনি, যা ওজনে হালকা এবং নমনীয়।
অন্যান্য প্যানেলগুলোর মধ্যে অ্যাঙ্কার সোলিক্স পিএস২০০ (Anker Solix PS200) এবং ডিজেআই আইবিসি পাওয়ার (DJI IBC Power 200W) প্যানেলগুলোও পরীক্ষায় অংশ নেয়। অ্যাঙ্কার প্যানেলগুলো এমসি৪ (MC4) কানেক্টর থাকায় ব্যবহারে সহজ হলেও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জ্যাকারির তুলনায় কিছুটা পিছিয়ে ছিল।
সোলার প্যানেল নির্বাচনের ক্ষেত্রে সাইমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্যানেল কেনার আগে জেনারেটরের সাথে সংযোগের ধরন, ওয়াটেজ এবং আবহাওয়া সহ্য করার সক্ষমতা (আইপি রেটিং) যাচাই করা জরুরি। এছাড়া এমপিপিটি (MPPT) প্রযুক্তি সমৃদ্ধ সোলার জেনারেটর ব্যবহার করলে পরিবর্তিত আবহাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের হার বৃদ্ধি পায়। প্যানেল এবং জেনারেটরের ভোল্টেজ সামঞ্জস্যপূর্ণ হওয়াটা দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য অপরিহার্য।