যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত সেন্ট্রাল সিনাগগে সাবাত প্রার্থনা চলাকালে হামলার ঘটনায় ৪৬ বছর বয়সী ল্যারি মন্টেসকে আটক করেছে পুলিশ। নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ব্রঙ্কসের বাসিন্দা এই ব্যক্তি সিনাগগের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং এক উপাসককে আঘাত করেন।
সিনাগগের নিরাপত্তা কর্মীরা তাকে বের করে দেওয়ার চেষ্টা করলে, সে নিরাপত্তা দলের এক সদস্যকে মাথা দিয়ে আঘাত করে এবং তার গায়ে থুথু ছিটিয়ে দেয়। সিনাগগের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করেছে ওই ব্যক্তি। ঘটনাস্থলে দায়িত্বরত এক সার্জেন্ট দ্রুত হস্তক্ষেপ করে তাকে হেফাজতে নেন।
পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, হামলায় কেউ গুরুতর আহত হননি। আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ল্যারি মন্টেসের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের (হেইট ক্রাইম) অভিযোগে দুটি হামলার মামলা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হাচুল। মেয়র মামদানি এটিকে একটি জঘন্য কাজ হিসেবে অভিহিত করে বলেছেন, শহরের ইহুদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ নেবে। সিনাগগের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।