ফ্রান্সের ট্যুর ডি ফ্রান্স ফেমস অঁ জেউইফট প্রতিযোগিতায় সাইক্লিস্টদের পোশাকে অ্যারোডাইনামিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। আয়োজক সংস্থা এএসও জানিয়েছে, কিছু সাইক্লিস্ট তাদের স্পোর্টস ব্রাতে বাড়তি প্যাডিং ব্যবহার করছেন, যা বাতাসে গতিরোধ কমিয়ে প্রতি কিলোমিটারে প্রায় এক সেকেন্ড সুবিধা দিতে পারে।
প্রতিযোগিতার আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রতিটি সাইক্লিস্টকে রেস শুরুর অন্তত ১০ মিনিট আগে তাদের সাইকেল ও পোশাক পরীক্ষার চূড়ান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে ইউসিআই-এর নিয়ম ১.৩.০৩২ কঠোরভাবে অনুসরণ করা হবে, যেখানে শরীরের আকৃতি পরিবর্তন করতে পারে এমন কোনো অতিরিক্ত বস্তু বা অনাবশ্যক পোশাক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ডাচ গণমাধ্যম উইলিয়েরফ্লিটস জানিয়েছে, প্যারিস অলিম্পিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় আগেও নারী সাইক্লিস্টদের মধ্যে এমন অনুশীলনের বিষয়টি নজরে এসেছিল। নিয়ম অমান্য করলে সাইক্লিস্টদের টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা এবং প্রায় ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে।
সাইক্লিংয়ে অ্যারোডাইনামিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আকৃতির সাইকেল এবং স্কিনস্যুট ব্যবহার করে একজন সাইক্লিস্ট সময় বাঁচানোর চেষ্টা করেন। লিডল-ট্রেকের কারিগরি ও উদ্ভাবন বিভাগের প্রধান কোয়েন ডি কর্ট জানান, এমন নিয়ম প্রয়োগ করা বেশ চ্যালেঞ্জিং, কারণ একজন সাইক্লিস্টের ব্যক্তিগত প্রয়োজনের সীমা নির্ধারণ করা জটিল একটি বিষয়। এর আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের গবেষকরা উইন্ড টানেলে পরীক্ষায় দেখেছেন যে, শরীরের নির্দিষ্ট স্থানে বাড়তি প্যাডিং বা ‘ফেয়ারিং’ বাতাসে ড্র্যাগ কমিয়ে উল্লেখযোগ্য গতি বৃদ্ধি করতে সহায়তা করে।