বাংলাদেশের মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাকিব আল হাসানের বাড়িতে নিরাপত্তা জোরদারে সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়। তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ইটের আঘাতে বাড়ির তিনটি কাঁচের বেলকনি ভেঙে ফেলা হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল ও প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, হামলার সময় বাড়ির ভেতরে পরিবারের কোনো সদস্য ছিলেন না। ঘটনার খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।