বাংলাদেশের ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়ানোর দায়ে এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের জারি করা দপ্তর আদেশে জানানো হয়, কাজের প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
পূর্বের ঘটনা
এর আগে গত ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারির ভিডিও ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন এ কে এম আরিফ উদ্দিন। সেই সময় তাকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সে সময় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছিল, আপত্তিকর ভিডিও প্রকাশের ফলে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের দায়ে বিধি ৪১(১) অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় তার স্থলাভিষিক্ত করা হয়েছিল পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে।