বাংলাদেশের ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদনগরের বউবাজার এলাকার ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জজ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন ওই বাসায় একাই থাকতেন।
পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহটি দেখে মনে হচ্ছে দুই থেকে তিন দিন আগে তিনি মারা গেছেন।
আনোয়ার হোসেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের ২১৪ নম্বর কক্ষে নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন। তার পরিবার গ্রামে থাকেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া তার ড্রাইভিং লাইসেন্স যাচাই করে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।