ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশে ১৫ হাজার শিশু নিখোঁজের প্রকৃত কারণ জানালো পুলিশ


September 3, 2026 7:15 pm
Link Copied!

বাংলাদেশের পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে অথবা তারা নিজ থেকে পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুদের মধ্যে শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুর সংখ্যা ৪৭৪। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ। এছাড়া, ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ জন শিশুর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজের কারণ ও প্রেক্ষাপট

পুলিশ সদর দপ্তর জানায়, বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজের খণ্ডিত তথ্য প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তারা জানিয়েছে, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে বাইরে গিয়ে পথ হারানো, নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ির বাইরে গিয়ে হারিয়ে যাওয়ার কারণে নিখোঁজ হয়।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, পরিবারের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এছাড়া বর্তমানে অনলাইন জিডি সুবিধা সহজ হওয়ায় নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পরিসংখ্যান

পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি এবং ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি শিশু নিখোঁজের জিডি হয়েছিল। তবে ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০টিতে।