ঢাকাSaturday , 5 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর আহ্বান ট্রাম্পের


September 5, 2026 12:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগস্ট মাসে কর্মসংস্থান পরিস্থিতি প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমানোর দাবি জানিয়েছেন। উচ্চ সুদের হার যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক প্রতিযোগিতায় অন্যায্য অসুবিধার মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মূলত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের কারণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, এমন ধারণার প্রেক্ষাপটেই এই বক্তব্য এলো।

আগস্ট মাসে মার্কিন অর্থনীতিতে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা বিশ্লেষকদের ৫৬ হাজারের পূর্বাভাসকে প্রায় তিনগুণ ছাড়িয়ে গেছে। বিশেষ করে শিক্ষা ও আতিথেয়তা খাতে এই নিয়োগের হার বেশি ছিল। এই তথ্যের পর থেকে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা জোরালো হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেডারেল রিজার্ভ বোর্ডকে উদ্দেশ করে বলেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সুদের হার সবচেয়ে কম থাকা উচিত। তিনি কেন্দ্রীয় ব্যাংককে দেশপ্রেমের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উচ্চ সুদের হার দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে যা তিনি হতে দেবেন না।

আগামী ১৫-১৬ সেপ্টেম্বর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগের বৈঠকে সুদের হার ৩.৫% থেকে ৩.৭৫% এর মধ্যে অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি ২ শতাংশের লক্ষমাত্রার চেয়ে বেশি থাকায় এবার সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

কর্মসংস্থানের এই ইতিবাচক পরিসংখ্যানের বিপরীতে শুক্রবার মার্কিন শেয়ার বাজারের সূচক কমেছে। এই পরিস্থিতিকে অবাস্তব ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অর্থনীতিবিদরা বলছেন, আগস্টের কর্মসংস্থানের প্রতিবেদন সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে কোনো যুক্তি দেয় না, বরং হার বৃদ্ধির পথই প্রশস্ত করছে। বর্তমানে প্রায় ৬০ শতাংশ ব্যবসায়ী মনে করছেন, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানো হতে পারে।