বাংলাদেশের চট্টগ্রামে দায়ের করা দুটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (চন্দন কুমার ধর) জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতের এই আদেশের ফলে দুটি মামলায় আইনি সুরক্ষা পেলেও অন্যান্য মামলা থাকায় কারামুক্ত হতে পারছেন না তিনি।
আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় হাইকোর্ট রুল মঞ্জুর করে এই জামিন দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় দুই ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং চিন্ময় দাসের বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়েছে।