ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ


September 9, 2026 8:15 am
Link Copied!

বাংলাদেশের সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ালে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির পথ সুগম হবে।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘মেধা না মামা, মেধা মেধা’ এবং ‘চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, এটি মেধার অবমূল্যায়ন এবং বৈষম্যমূলক ব্যবস্থা।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, লিখিত পরীক্ষায় শিক্ষার্থীর মেধা ও একাডেমিক জ্ঞানের প্রতিফলন ঘটে। ভাইভার নম্বর বাড়িয়ে দিলে রাজনৈতিক প্রভাব ও রেফারেন্সের মাধ্যমে প্রার্থী নির্বাচনের সুযোগ তৈরি হবে, যা শিক্ষার্থীরা মেনে নেবে না।

জাকসুর তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন মন্তব্য করেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল মেধার স্বীকৃতি। ভাইভার নম্বর বাড়িয়ে সেই মেধাভিত্তিক লড়াইকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

জাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ৪০০ করা হয়েছে। এছাড়া ১৩ থেকে ১৬তম গ্রেডে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ২৫ নম্বর ভাইভার জন্য রাখা হয়েছে। তিনি একে নিয়োগ প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।