বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রবিউল হাসান (২৪) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমজুরহাটের সংশ্লিষ্ট মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর ৪টার দিকে আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মাদরাসাটিতে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও যৌন নিপীড়নের চেষ্টা করা হলে পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ওসি জিয়াউল হক জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।