জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ (IFA) ২০২৬ প্রযুক্তি প্রদর্শনীতে নতুন পণ্য নিয়ে বাজারে ফেরার ঘোষণা দিয়েছে পিসি ব্র্যান্ড প্যাকার্ড বেল। একসময়ের পরিচিত সেই বেইজ রঙের ডেস্কটপ বা ভারী মনিটরের বদলে এখন উজ্জ্বল রঙের ল্যাপটপ ও গ্যাজেট নিয়ে নতুন করে ব্র্যান্ডটিকে উপস্থাপন করছে মূল কোম্পানি এসার।
এসার ইউরোপের ভাইস প্রেসিডেন্ট ভ্যালেরি পিউ জানিয়েছেন, নতুন এই যাত্রার মূল লক্ষ্য হলো দৈনন্দিন ব্যবহারের জন্য সাশ্রয়ী মূল্যের প্রযুক্তিপণ্য সরবরাহ করা। তাদের নতুন ব্র্যান্ড ট্যাগলাইন ‘টেক ইট ইজি’ এর মাধ্যমে তারা সহজ ও কার্যকর প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায়।
নতুন পণ্যের তালিকায় রয়েছে ডটবুক ল্যাপটপ, যার দাম শুরু হচ্ছে ৪৯৯ ইউরো থেকে। ল্যাপটপটির পাশাপাশি প্যাকার্ড বেল ব্র্যান্ডের আওতায় ট্রাভেল সুটকেস টার্নটেবল, ৪জি ফিচার ফোন, অডিও গ্লাস, হেডফোনসহ বিভিন্ন ডেসক এক্সেসরিজ বাজারে আনা হয়েছে। এসারের তথ্য অনুযায়ী, প্যাকার্ড বেলের গ্রাহকরা ২৮টি দেশে বহুভাষিক সহায়তা এবং সার্ভিস সেন্টারের সুবিধা পাবেন।
তবে ব্র্যান্ডটির এই প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য হতাশাজনক খবর রয়েছে। এসার জানিয়েছে, নতুন প্যাকার্ড বেল পণ্যের এই সিরিজটি বর্তমানে কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের বাজারের জন্য নির্ধারিত। যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো অঞ্চলে এই পণ্যগুলো কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে প্যাকার্ড বেল অত্যন্ত পরিচিত নাম ছিল। সে সময় কোম্পানিটি আইবিএমকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছিল। তবে বর্তমান কৌশলে সেই নস্টালজিয়াকে কাজে লাগিয়ে এসার মূলত ইউরোপ ও সংলগ্ন অঞ্চলের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চাইছে।