বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্প্রতি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। কাজের স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সার্ভেয়ার ও কানুনগো পদ দুটি রাজস্ব প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ঘন ঘন কর্মস্থল পরিবর্তনের ফলে সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা বিদ্যমান চাকরি বিধিবিধানের পরিপন্থি। তাই প্রশাসনিক জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা যাবে না।