বাংলাদেশের রাজশাহীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম শাকিলের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগের মাধ্যমে শাকিলের দীর্ঘদিনের কর্মসংস্থানহীনতার অনিশ্চয়তা দূর হলো।
শাকিল হোসেন নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের অতিদরিদ্র পরিবারের সন্তান। জন্মগতভাবে দৃষ্টিহীন হলেও অদম্য ইচ্ছাশক্তি ও মেধার জোরে তিনি স্কুল-কলেজের বাধা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন সফলভাবে শেষ করেন। তবে স্নাতক শেষ করার পর দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে বিভিন্ন দপ্তরে ঘুরেও চাকরি পাচ্ছিলেন না তিনি।
শাকিলের দুরবস্থার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতায় শাকিলকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।