ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ স্মৃতি সরকারি কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোইমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আতাউর রহমান সরকার। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই ভালো ফলাফল জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শুধু একাডেমিক সাফল্যের দিকে নজর না দিয়ে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। উচ্চ মাধ্যমিক পর্যায়েও ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।