ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথ। মঙ্গলবার হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর মা হওয়ায় এই নির্বাচনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হাসি রানী রথের সঙ্গে বিপুল সংখ্যক বিজেপি নেতা-কর্মী মিছিলে অংশ নেন। এ সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তার ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে দুই কোটি রুপির বিনিময়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামে নিজ বাসভবনে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চন্দ্রনাথ রথ। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাত্র দুই দিন পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় আসন থেকে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। ফলে আগামী ৬ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে মুর্শিদাবাদের রেজিনগর আসনেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এদিকে নন্দীগ্রামের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক পাওয়া নিয়ে দলের ভেতরেই বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। কমিশন উভয় পক্ষের ১০ সদস্যের বক্তব্য শুনেছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ১৬ সেপ্টেম্বরের মধ্যে আরও নথিপত্র জমা দিতে বলেছে।