ইংল্যান্ডে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েছেন ইংলিশ তারকা জস বাটলার। এর ফলে পাকিস্তানের আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে তাকে ছাড়াই খেলতে হবে ইংল্যান্ডকে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অভিজ্ঞ এই ব্যাটারের ছিটকে পড়া ইংল্যান্ড দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান বাটলার। এর ফলে সিরিজের তৃতীয় ম্যাচেও তাকে পাওয়া যায়নি। তার চোটের ধরণ এবং সেরে ওঠার সময় নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দলের মেডিকেল প্যানেল তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বলে ধারণা করা হচ্ছে।
কোচ ব্রেন্ডন ম্যাককালাম বাটলারের অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, জস পাকিস্তান সফরে দলের সঙ্গে থাকছে না। সে অত্যন্ত পেশাদার এবং ফিট একজন অ্যাথলেট, তাই দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে তার সেরে উঠতে কত সময় লাগবে তা এখনই বলা কঠিন।
বাটলারের বদলি হিসেবে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার জর্ডন কক্সকে সুযোগ দিয়েছে ইংল্যান্ড। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা কক্সের প্রশংসা করে ম্যাককালাম জানান, পাকিস্তান সফরে তিনি অবশ্যই সুযোগ পাবেন। দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পর আন্তর্জাতিক পর্যায়ে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। ড্রেসিংরুমেও কক্স সবার কাছে বেশ জনপ্রিয় এবং দলের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে খেলার সক্ষমতা তার রয়েছে বলে মন্তব্য করেন কোচ।