যুক্তরাষ্ট্রের ফার্মেসি চেইন সিভিএস তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশের অভিযোগে ২০.৫ মিলিয়ন ডলারের সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে। সিভিএস কোনো অনিয়মের কথা অস্বীকার করলেও আইনি জটিলতা এড়াতে এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সিভিএস তাদের ওয়েবসাইট (cvs.com এবং cvshealth.com) বা মোবাইল অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য, ব্রাউজিং ডেটা এবং অন্যান্য তথ্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিটিওসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করেছে।
যেসকল গ্রাহক ২৭ জুলাই, ২০২৬ সালের আগে সিভিএস-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে কেনাকাটা করেছেন, তারা এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য গ্রাহকদের ১৬ নভেম্বর, ২০২৬ সালের মধ্যে দাবির ফর্ম জমা দিতে হবে।
সমঝোতা ওয়েবসাইট অনুযায়ী, বৈধ নথিপত্র ছাড়াই আবেদনকারী গ্রাহকরা ৫ ডলার পর্যন্ত এবং প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনকারী গ্রাহকরা ১০ ডলার পর্যন্ত পেতে পারেন। তবে মোট প্রাপ্ত অর্থ কতজন গ্রাহক আবেদন করছেন তার ওপর নির্ভর করবে। চূড়ান্ত অনুমোদনের ১২০ দিন পর চেক, পেপ্যাল, ভেনমো বা জেল-এর মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হবে।
এছাড়া গ্রাহকদের এই সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার (অপট আউট) সুযোগও রয়েছে। যদি কেউ এই সমঝোতায় অংশ নিতে না চান, তবে ১ নভেম্বর, ২০২৬ সালের মধ্যে তা জানাতে হবে। এর ফলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার হারাবেন কিন্তু সিভিএস-এর বিরুদ্ধে সরাসরি মামলা করার অধিকার বহাল থাকবে। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ সালে এই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।