বাংলাদেশের ঢাকার সাভারের আশুলিয়ায় বিকাশের ইলেকট্রনিক অর্থ (ই-মানি) হিসেবে ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নায়ফা ট্রেড বিডি নামে একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা উদ্ধারে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার মো. আল আমিন ইসলাম (২১) এবং আশুলিয়া শাখার অ্যাকাউন্টস ম্যানেজার ইউসুফ রায়হান (২৪)। এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার জাহিদ হাসান অন্তর পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আল আমিন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে ওটিপি কৌশলে হাতিয়ে নেন। পরে ব্যাংক হিসাব থেকে ১ কোটি ৫ লাখ টাকার ই-মানি মাস্টার ওয়ালেটে নিয়ে তা বিভিন্ন ব্যক্তিগত ওয়ালেটে সরিয়ে ফেলা হয়। অফিসের হিসাবের সঙ্গে গরমিল পাওয়া গেলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে আল আমিন ও ইউসুফ রায়হান প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করেন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের দাবি, তিন জন মিলে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পলাতক আসামিকে খুঁজে বের করতে এবং আত্মসাৎ করা অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশ কাজ করছে। এই জালিয়াতির পেছনে আরও কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।