যুক্তরাষ্ট্রের মিনেপোলিসের ইউএস ব্যাংক স্টেডিয়ামে আয়োজিত ডব্লিউডব্লিউই সামারস্লামের দ্বিতীয় রাতে মার্কিন জাতীয় সংগীত পরিবেশন করেছেন গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ড্যারিয়াস রাকার। তার এই পরিবেশনা আসরটির শুরুর আমেজ তৈরি করে দেয়, যা উপস্থিত হাজার হাজার দর্শকের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে। গান শেষে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা সমস্বরে ‘ইউ-এস-এ’ ধ্বনি দিতে শুরু করেন।
দীর্ঘদিন ধরে পেশাদার রেসলিংয়ের ভক্ত হিসেবে পরিচিত রাকার অনুষ্ঠানের প্রাক-শোতে তার রেসলিং অনুরাগের কথা তুলে ধরেন। তিনি জানান, শৈশব থেকেই তিনি এই খেলার দারুণ ভক্ত। বিশেষ করে ডাস্টি রোডস ও ‘সুপারস্টার’ বিলি গ্রাহামের মধ্যকার ঐতিহাসিক লড়াইগুলো তাকে রেসলিংয়ের প্রতি আকৃষ্ট করেছিল।
রেসলিংয়ের প্রতি তার ভালোবাসার কথা বলতে গিয়ে রাকার উল্লেখ করেন, তিনি রিক ফ্লেয়ারের একটি আসল পোশাক (রোব) সংগ্রহে রেখেছেন। তিনি বলেন, এর পেছনে অনেক অর্থ ব্যয় করলেও সেটি তার কাছে মূল্যবান।
রেসলিংয়ের গল্পের বুনন তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে বলে জানান এই শিল্পী। রাকারের মতে, যখন কোনো স্টোরিলাইন পূর্ণতা পায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা দর্শকদের জন্য সবচেয়ে সন্তোষজনক অভিজ্ঞতা হয়ে ওঠে।