বাংলাদেশের নাটোরের উত্তরা গণভবন এলাকায় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত এক পথসভা থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। মন্ত্রীর সফর ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এই ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মন্ত্রী ও হুইপ সেখানে একটি পথসভায় অংশ নেন। সভা শেষে ওই যুবককে আটক করা হয়। আটক তানিম হোসেন নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, পথসভা চলাকালে আটক যুবকের গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। ওই যুবক মন্ত্রীর কাছে দুবার ধাক্কা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তার আচরণ আরও সন্দেহজনক হলে পুলিশ তাকে আটক করে।
ওসি আরও জানান, দেহ তল্লাশি করে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। কেন এবং কী উদ্দেশ্যে তিনি পিস্তল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।