ইংল্যান্ডের নটিংহ্যামে সাউদার্ন ব্রেভকে তিন উইকেটে হারিয়ে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ট্রেন্ট রকেটস। দলের এই জয়ের পর অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট জানিয়েছেন, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করা তাদের লক্ষ্য ছিল। এই জয় রকেটসকে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছে দিয়েছে।
ম্যাচে প্রথমে ব্যাট করে সাউদার্ন ব্রেভ নির্ধারিত ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের হয়ে মায়া বাউচার ৩৩ বলে ৩৮ এবং লিজেল লি ২৮ বলে ৩১ রান করেন। রকেটসের বোলার জর্জিয়া অ্যাডামস ১৪ রানে ২ উইকেট শিকার করেন।
জবাবে ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ট্রেন্ট রকেটসের। মাত্র ১০ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে, যা নারী দ্য হান্ড্রেডের ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন স্কোর। তবে অ্যাশ গার্ডনারের ২৪ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় দলটি।
পরে ন্যাট সিভার-ব্রান্ট সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি ১৯ বলে ৩২ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। শেষ দিকে চাপে থাকলেও দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রকেটস।
নিজের ব্যাটিং পজিশন নিয়ে সিভার-ব্রান্ট জানান, সতীর্থদের সুযোগ দেওয়া এবং নিজের পায়ের ইনজুরি সামলানোর লক্ষ্যেই তিনি নিচে ব্যাট করেছেন। আটটি গ্রুপ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পাওয়া রকেটস এখন লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালের প্রস্তুতি নিচ্ছে। সাউদার্ন ব্রেভ এখন এলিমিনেটর ম্যাচের অপেক্ষায় রয়েছে।