দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং দীর্ঘ এক দশক পর আবারও বাজারে নতুন ওভার-ইয়ার হেডফোন নিয়ে আসছে, যা অ্যাপলের এয়ারপডস ম্যাক্সের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপের কোডে এই নতুন ডিভাইসের ইঙ্গিত পাওয়া গেছে, যা প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম স্যামমোবাইল প্রকাশ করেছে।
স্যামসাং এই হেডফোনটির নাম দিয়েছে গ্যালাক্সি এইচ১। ২০২৭ সালের কোনো এক সময় ডিভাইসটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এটি সফল হলে ২০১৫ সালে বাজারে আসা লেভেল অন মডেলের পর এটি হবে প্রতিষ্ঠানটির প্রথম ওভার-ইয়ার হেডফোন। স্যামসাং অডিও ব্র্যান্ড হারমান অধিগ্রহণের অনেক আগেই লেভেল অন বাজারে এসেছিল।
অ্যাপের কানেকশন স্ট্যাটাস আইকন থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে, ডিভাইসটি ব্লুটুথ প্রযুক্তির ওভার-ইয়ার হেডফোন হবে। তবে এর চূড়ান্ত নকশা কেমন হবে তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে স্যামসাংয়ের অডিও পণ্যের তালিকায় গ্যালাক্সি বাডস থাকলেও, অ্যাপল বা সনির হাই-এন্ড হেডফোনের মতো কোনো পণ্য তাদের নেই।
নতুন এই হেডফোনে স্যামসাংয়ের নিজস্ব সিমিলেস কোডেক (SSC UHQ) থাকার সম্ভাবনা রয়েছে, যা ২০২৩ সাল বা তার পরের গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটের সাথে কাজ করবে। এছাড়া গ্যালাক্সি বাডস ৪ প্রো-এর মতো এতে জেমিনি এবং বিক্সবির মতো এআই অ্যাসিস্ট্যান্ট সুবিধা যুক্ত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।