যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কর্তৃপক্ষ বিশ্বের ১১০টি দেশের নির্দিষ্ট ব্যবহারকারীদের নতুন ধরনের ‘মার্সেনারি স্পাইওয়্যার’ আক্রমণের বিষয়ে সতর্ক করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মতো প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে এই সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এ ধরনের আক্রমণ অত্যন্ত ব্যয়বহুল ও শক্তিশালী হওয়ায় সাধারণ হ্যাকিংয়ের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
অ্যাপল জানিয়েছে, সফলভাবে ডিভাইসে প্রবেশ করতে পারলে এই স্পাইওয়্যার এনক্রিপশন ভেঙে ব্যক্তিগত ফাইল, কথোপকথন, অডিও-ভিডিও সংগ্রহ এবং ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করতে পারে। মূলত বিভিন্ন রাষ্ট্র বা তাদের এজেন্সির পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়। চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের ১৫০টিরও বেশি দেশে অ্যাপল এ ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।
নিরাপত্তার জন্য করণীয়
সতর্কবার্তায় অ্যাপল ক্ষতিগ্রস্তদের দ্রুত ডিভাইসের ‘লকডাউন মোড’ (Lockdown Mode) চালু করার পরামর্শ দিয়েছে। এই মোড চালু করলে মেসেজের লিঙ্ক প্রিভিউ, অপরিচিত ফেসটাইম কল, শেয়ার প্লে এবং ওয়েব প্রযুক্তির ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়, যা ডিভাইসকে সুরক্ষিত রাখে। আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে লকডাউন মোড সক্রিয় করা যাবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য পরামর্শ
যাদের কাছে সতর্কবার্তা পৌঁছায়নি, তাদেরও ডিভাইস সুরক্ষিত রাখতে কিছু বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অ্যাপল। সব সময় ডিভাইসের সফটওয়্যার আপডেট রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিশ্চিত করা এবং অপরিচিত প্রেরকের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা এবং স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারটি চালু রাখা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।