যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পণ্যে স্টুডেন্ট আইডি ছাড়াও ছাড় পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ব্রিজেট কেরি। মূলত নতুন ল্যাপটপের আকাশচুম্বী দাম এবং বাজারে পণ্য সংকটের কারণে বিকল্প হিসেবে অ্যাপলের সার্টিফাইড রিফারবিশড স্টোর থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
সাধারণত অ্যাপলের ব্যাক-টু-স্কুল অফার পেতে গেলে শিক্ষার্থীদের এখন ‘ইউনিডেস’ (Unidays) পোর্টালে তাদের পরিচয় নিশ্চিত করতে হয়। ফলে আগের মতো আর কেবল সম্মানের ভিত্তিতে বা যাচাই ছাড়া শিক্ষাখাতে ছাড় পাওয়ার সুযোগ নেই। এই অফারটি আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
ব্রিজেট কেরি জানান, সাধারণ অ্যাপল স্টোর বা অন্যান্য খুচরা দোকানে ম্যাকবুকের বড় কোনো ছাড় পাওয়া কঠিন। তবে অ্যাপলের নিজস্ব সার্টিফাইড রিফারবিশড স্টোর থেকে পণ্য কিনলে মূল দামের তুলনায় ১৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।
রিফারবিশড পণ্যের সুবিধা
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রিফারবিশড পণ্যগুলো ভালোভাবে পরিষ্কার ও পরীক্ষা করে নতুন বাক্সে বাজারজাত করা হয়। এতে নতুন পণ্যের মতোই এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। উদাহরণস্বরূপ, একটি রিফারবিশড ম্যাকবুক নিও ৫৯৯ ডলারে পাওয়া যাচ্ছে, যা শিক্ষাখাতে পাওয়া ছাড়ের দামের সমান। এভাবে কেনাকাটা করলে শিক্ষার্থীদের বিশেষ পরিচয়পত্র বা বাড়তি ঝামেলা পোহাতে হয় না।