বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি এই শ্রদ্ধা জানান। বঙ্গভবনে শপথ নেওয়ার প্রাক্কালে তিনি এই কর্মসূচি পালন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরা ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে তিনি বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি দেশের মানুষের কল্যাণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। তাকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, অনুষ্ঠানটি জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।