বাংলাদেশের ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকা ও আশপাশের সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের দরবার হলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ১ হাজার ২০০ জনের বেশি আমন্ত্রিত অতিথিকে কার্ড পাঠানো হয়েছে। দরবার হলের আসন সংখ্যা বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
শপথ গ্রহণের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। মির্জা ফখরুলের শপথ গ্রহণের মাধ্যমে সেই দায়িত্বের অবসান ঘটবে।