বাংলাদেশের মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিলের ওপর রায়ের জন্য আগামী মঙ্গলবার নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ বেঞ্চে মামলাটির চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা, ফরিদপুর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সবশেষে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।
এই ঘটনায় দায়ের করা মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ২০২৫ সালের ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে।
নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৬ সালের ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। এই বেঞ্চেই এখন মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। আদালতে আসামিপক্ষে শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেকসহ রাষ্ট্রপক্ষের বিশেষ আইনি দলের সদস্যরা।