ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ


August 30, 2026 5:45 am
Link Copied!

বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ। এলডিসি থেকে উত্তরণ এবং ঋণসেবা ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি অর্থ ব্যবস্থাপনা বা পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শক্তিশালী করাকে অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট এবং ওপেন বাজেট সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজেট স্বচ্ছতার সূচকে আরও উন্নতির সুযোগ রয়েছে। বাজেটকে শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব হিসেবে না দেখে সরকারি ঋণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং বিশেষ তহবিলের মতো বিষয়গুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষক।

বাজেটের বিশ্বাসযোগ্যতা বাড়াতে রাজস্ব পূর্বাভাস ও ব্যয় পরিকল্পনাকে আরও বাস্তবভিত্তিক করার ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় ই-জিপির কার্যকারিতা আরও বাড়িয়ে চুক্তির সব তথ্য উন্মুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

প্রকল্পের ক্ষেত্রে প্রাথমিক ব্যয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের স্বচ্ছতা প্রকাশের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। নিরীক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিরীক্ষা প্রতিবেদন জনসমক্ষে আনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাজেট, রাজস্ব ও নিরীক্ষা সংক্রান্ত তথ্য আন্তঃসংযুক্ত করার পরামর্শ দিয়ে মামুন রশীদ জানান, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করাই যথেষ্ট নয়, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দায়িত্বের স্পষ্টতা নিশ্চিত করা জরুরি। স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার কর্মসূচির মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।