যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম এখন টেনিসের পাশাপাশি তারকাদের ফ্যাশন প্রদর্শনের অন্যতম প্রধান মঞ্চ হয়ে উঠেছে। ইউএস ওপেনকে ঘিরে তারকাদের পোশাক নির্বাচন নিয়ে ফ্যাশন বিশ্বে তৈরি হয়েছে আলাদা আগ্রহ, যা নিয়ে বিশ্লেষণ করেছেন ফিচার সম্পাদক আনা এসকালান্ত। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত অভিনেতা, সংগীতশিল্পী এবং ফ্যাশন আইকনদের পোশাকগুলো দর্শকদের নজর কাড়ে।
ইউএস ওপেনের এই ফ্যাশন ট্রেন্ড একদিনে তৈরি হয়নি। বারব্রা স্ট্রেইস্যান্ডের সাদা রঙের পোশাক থেকে শুরু করে গত বছর টেইলর সুইফটের প্রিপ্পি আমেরিকান পোশাক পর্যন্ত—প্রতিটি স্টাইলই সেই সময়ের ফ্যাশনকে তুলে ধরেছে।
এখানে কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই। ইউএস ওপেনের গ্যালারিতে জিন্স ও বেসবল ক্যাপ থেকে শুরু করে মার্জিত টেইলরড পোশাক বা সাদা রঙের সাধারণ গাউন—সবই দেখা যায়। অনেক ক্ষেত্রে এসব পোশাক পরে আসা তারকারা নতুন ফ্যাশন ধারার সূচনা করেন।
ফ্যাশন বিশ্লেষকদের মতে, ইউএস ওপেনের এই উজ্জ্বল উপস্থিতি কেবল সাময়িক নয়, বরং দশকের পর দশক ধরে এগুলো ফ্যাশন মোড বোর্ডের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে আছে। ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে মেরি-কেট ও অ্যাশলি ওলসেন, জেন্ডায়া কিংবা কেন্ডাল জেনার—সবার পোশাক নির্বাচনই এখন ফিরে দেখার মতো এক ফ্যাশন ইতিহাস।