যুক্তরাজ্যে পুরনো ল্যান্ডলাইন নেটওয়ার্কের তামার তার রিসাইকেল করে টেলিকম কোম্পানি বিটি ২ বিলিয়ন পাউন্ড বা প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডেটা সেন্টার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বজুড়ে তামার চাহিদা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় এই পুরনো ধাতব সম্পদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
বিটির সহযোগী প্রতিষ্ঠান ওপেনরিচ বর্তমানে তাদের পুরনো কপার নেটওয়ার্ক পরিবর্তন করে ফুল-ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের কাজ করছে। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি বাড়িতে এই ফাইবার সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এই প্রক্রিয়া চলাকালীন গত আর্থিক বছরে কোম্পানিটি প্রায় ১০ হাজার মেট্রিক টন এবং ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ২২ হাজার মেট্রিক টন তামা সংগ্রহ করেছে। ওপেনরিচের সাসটেইনেবিলিটি প্রধান অ্যাবি চিকেন জানিয়েছেন, আধুনিক অর্থনীতিতে তামা এখন অন্যতম কৌশলগত কাঁচামাল হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতোমধ্যেই ইএমআর নামক একটি ক্যাবল রিসাইক্লিং কোম্পানির সাথে বিটির চুক্তি হয়েছে এবং অগ্রিম ৯৯ মিলিয়ন পাউন্ডও গ্রহণ করেছে তারা। তবে তামার উচ্চমূল্যের কারণে এই তার চুরির ঝুঁকিও বেড়ে গেছে। অনেক এলাকায় চোরেরা ল্যান্ডলাইন তার কেটে নিয়ে যাওয়ার ফলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় ওপেনরিচ তাদের ক্যাবলগুলোতে সিন্থেটিক ডিএনএ এবং ইউভি ট্রেসার ব্যবহার করছে।