বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের সুবিধার্থে এই প্রক্রিয়া শিথিল করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অতীতের সহযোগিতা ও বিনিয়োগের কথা স্মরণ করেন। তিনি দেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও স্বাস্থ্য খাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জ্বালানি খাতে শেভরনের ভূমিকার প্রশংসা করে তিনি এ খাতে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি একে আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক করার সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে নিজের দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এসময় রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।