জার্মানির উলফসবুর্গে অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের ব্যবসায়িক কাঠামোর বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে গাড়ির বিক্রি কমে যাওয়া এবং চীনের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর সাথে তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এই পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় ভক্সওয়াগনের বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। গাড়ি শিল্পে চলমান এই অস্থিরতা এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিষ্ঠানটি এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দিল।
কেন এই সিদ্ধান্ত
ভক্সওয়াগন বর্তমানে নানামুখী চাপের মুখে রয়েছে। বিশেষ করে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির গাড়ির সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে হিমশিম খাচ্ছে তারা। এর পাশাপাশি বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে খরচ কমাতে ও ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কর্মী ছাঁটাই ও কারখানা বন্ধকে অনিবার্য বলে মনে করছেন কর্তৃপক্ষ।