জার্মানির ভলফসবুর্গে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন তাদের টিকে থাকার পরিকল্পনার অংশ হিসেবে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ বোর্ড ‘ফিউচার প্ল্যান ২০৩০’ অনুমোদন করেছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৯ শতাংশ অপারেটিং মার্জিন অর্জন করা। বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতা, পরিবর্তিত চাহিদা এবং অটোমোবাইল শিল্পে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক এবং চীনের স্থানীয় বাজারে গাড়ি বিক্রিতে পিছিয়ে পড়ার প্রভাব পড়েছে কোম্পানির ওপর। কর্মসংস্থান কমানোর পাশাপাশি ইউরোপে থাকা কারখানাগুলোর সক্ষমতা পুনর্নির্ধারণ বা বন্ধের বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। ভক্সওয়াগেন স্বীকার করেছে, ইউরোপে তাদের বর্তমান উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় ৫ লাখ ইউনিট বেশি। জার্মানির এমডেন, জুইকাউ, হ্যানোভার এবং নেকারসুলম কারখানার ভবিষ্যৎ নিয়ে ২০২৭ সালের জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিকল্পনার অংশ হিসেবে ভক্সওয়াগেন তাদের মডেলের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনবে এবং পণ্যের জটিলতা কমাবে ৭৫ শতাংশ। বিক্রয় কম হওয়া মডেলগুলো বন্ধ করার পাশাপাশি স্প্যানিশ ব্র্যান্ড ‘সিট’ (Seat) বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে প্রতিষ্ঠানটি সিট থেকে আলাদা হওয়া ব্র্যান্ড ‘কাপরা’ (Cupra) কার্যক্রম অব্যাহত রাখবে। কম সংখ্যক মডেলের ওপর মনোযোগ দেওয়ার মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানোই এখন কোম্পানির প্রধান লক্ষ্য।