ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী ও পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রোববার রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে।
সংশ্লিষ্টরা জানান, ভুক্তভোগীরা ভারতে দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেছেন। রাত সাড়ে ৮টার দিকে শূন্যরেখায় হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন পুলিশ এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় দেওয়া হয়েছে।
সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে অনেক বাংলাদেশিকে ভারতে পাচার করা হয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরবর্তীতে ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের শেল্টার হোমে রাখা হয়। সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান, পরিবারের সঙ্গে পুনর্মিলন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মানবাধিকার সংস্থাগুলো কাজ করবে বলে জানানো হয়েছে।