যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের আইওএস ২৭ আপডেটে সিরি এআই (Siri AI) যুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি সাংবাদিক জ্যাকারি ম্যাকাউলিফ জানিয়েছেন, নতুন এই সংস্করণে যারা এআই ফিচার ব্যবহার করতে আগ্রহী নন, তারা চাইলে খুব সহজেই আগের সিরি সংস্করণটি ফিরে পেতে পারেন। আইওএস ২৭ বিটা সংস্করণে সিরি এআই স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না, তাই ব্যবহারকারী চাইলে এটি এড়িয়ে চলতে পারেন।
সিরি এআই চালু করার প্রক্রিয়া
সিরি এআই ব্যবহার করতে হলে প্রথমে সেটিংস থেকে সিরি অপশনে যেতে হবে। সেখানে ‘ট্রাই নিউ সিরি’তে ট্যাপ করে ওয়েটলিস্টে নিবন্ধন করতে হবে। ওয়েটলিস্টে অনুমোদিত হওয়ার পর ব্যবহারকারীরা সিরি এআই ব্যবহার করতে পারবেন এবং হোম স্ক্রিনে নতুন একটি অ্যাপ দেখতে পাবেন।
পুরোনো সিরি ফিরে পাওয়ার পদ্ধতি
যদি কোনো ব্যবহারকারী সিরি এআই থেকে পুনরায় আগের সংস্করণে ফিরে যেতে চান, তবে সেটিংস থেকে সিরি অপশনে গিয়ে প্রথমে ‘টার্ন অফ সিরি’ দিয়ে এআই ফিচারটি বন্ধ করতে হবে। এরপর পুনরায় ‘টার্ন অন সিরি’ অপশনে ট্যাপ করে ‘ইউজ প্রিভিয়াস ভার্সন’ বা পূর্ববর্তী সংস্করণ নির্বাচন করে কন্টিনিউ করলেই পুরোনো সিরি ফিরে আসবে।
সতর্কতা
আইওএস ২৭ এখনো বিটা পর্যায়ে রয়েছে। তাই যেকোনো বড় আপডেটের ক্ষেত্রে মূল ডিভাইসের পরিবর্তে দ্বিতীয় কোনো ডিভাইসে এটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপল আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারের চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে।