ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর


August 5, 2026 4:00 am
Link Copied!

বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উচ্চ আদালতের জামিননামা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। উচ্চ আদালতের আদেশে তিনি জামিন পান।

২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় হাফিজুর রহমান কুমিল্লা সেনানিবাসে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২২ এপ্রিল সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বর্তমানে তিনি সেনাবাহিনী থেকে অবসরে আছেন।

তদন্তের প্রেক্ষাপট

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম জানান, এই হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে হাফিজুর রহমানসহ তিনজনের ডিএনএ নমুনা মেলানোর জন্য আদালত অনুমতি দিয়েছিলেন। তালিকায় থাকা অপর দুজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম। তারাও বর্তমানে অবসরে রয়েছেন।

ঘটনার পটভূমি

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের ভেতর তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায়। ওই ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।