যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে ইভা ওলিডের নাম ঘোষণা করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী এই স্প্যানিশ কোচ বুধবার দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। নারী সুপার লিগ (ডব্লিউএসএল) শুরুর এক মাস আগে মার্ক স্কিনার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়ার পর ক্লাবটি এই সিদ্ধান্ত নিল।
ইভা ওলিড ২০২১ সালে স্কটিশ ক্লাব হার্টসে যোগ দিয়েছিলেন। তার অধীনে দলটি প্রথমবারের মতো স্কটিশ নারী প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এছাড়া তার কোচিংয়েই হার্টস প্রথমবারের মতো কোনো ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল, যদিও ২০২৪ সালের স্কটিশ কাপের ফাইনালে তারা রেঞ্জার্সের কাছে পরাজিত হয়।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ইতিহাস রয়েছে এমন কোচকেই তারা নতুন দায়িত্বে আনতে চেয়েছিল। মার্ক স্কিনার ম্যানচেস্টার ইউনাইটেডে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন এবং তার সময়ে দলটি ২০২৪ সালে উইমেনস এফএ কাপের শিরোপা জিতেছিল। তবে স্কোয়াডে বিনিয়োগের অভাব নিয়ে তিনি অতীতে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় তরুণ খেলোয়াড়দের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর লন্ডন সিটি লাইনেসেসের বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির নতুন মৌসুম শুরু হবে।