বাংলাদেশের ঢাকার গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাকে ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এই কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর জনবহুল এলাকায় এই সংগীত আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আত্মত্যাগের বার্তা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহাপরিচালক মো. আব্দুল জলিল বলেন, জুলাই গণঅভ্যুত্থান তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার একটি শক্তিশালী বহিঃপ্রকাশ। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই বারবার পরিবর্তনের পথ তৈরি করেছে।
মহাপরিচালক আরও উল্লেখ করেন, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত থেকে যে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। অনেক প্রাণের বিনিময়ে অর্জিত এই জয় সাধারণ মানুষের ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করেছে। গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশিত জাগরণমূলক সংগীত মানুষের মধ্যে দেশপ্রেম ও ইতিবাচক পরিবর্তন আনার আগ্রহ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনের পর অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপদলে বিভক্ত হয়ে ভ্রাম্যমাণ ট্রাকে করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।