ভারতের জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দীর্ঘ পাঁচ বছরের সফল অধ্যায়ের ইতি টেনেছেন টি দিলীপ। তার এই বিদায়ে দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মানোন্নয়ন এবং বিভিন্ন আইসিসি ট্রফি জয়ে পর্দার আড়ালে থেকে কাজ করে যাওয়া দিলীপের অবদান ছিল অনস্বীকার্য।
রোহিত শর্মা তার ইন্সটাগ্রাম স্টোরিতে টি দিলীপের প্রশংসা করে লিখেছেন, আপনি একজন লিজেন্ড। দলের মধ্যে আপনি জাদু তৈরি করেছেন এবং নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।
২০২১ সালের নভেম্বরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের সময় দলে যোগ দিয়েছিলেন টি দিলীপ। এরপর গৌতম গম্ভীরের অধীনেও তিনি কাজ করেছেন। তার সময়ে ভারত ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বিশেষ করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তার চালু করা ‘বেস্ট ফিল্ডার অফ দ্য ম্যাচ’ পদক দেওয়ার রীতিটি ভারতীয় ড্রেসিংরুমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
নিজের বিদায়বেলায় টি দিলীপ সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ বার্তায় বলেন, পাঁচ বছরের এই সফর ছিল অনেক গভীর অনুভূতির। ফিল্ডিংয়ের মাধ্যমে দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়াই ছিল আমার লক্ষ্য। ড্রেসিংরুমের সেই আনন্দ এবং খেলোয়াড়দের উৎসাহ আমার হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে।
এদিকে, টি দিলীপের স্থলাভিষিক্ত হচ্ছেন শুভদীপ ঘোষ। প্রাক্তন এই আসাম ক্রিকেটার এর আগে ভারত ‘এ’ দল, নারী দল এবং আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই তিনি গৌতম গম্ভীরের কোচিং প্যানেলে নতুন দায়িত্ব শুরু করবেন।