ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শ্রীলঙ্কার আন্তর্জাতিক ফ্যাশন শোতে বাংলাদেশের নকশিকাঁথা


August 5, 2026 5:30 pm
Link Copied!

শ্রীলঙ্কার কলম্বোর সিনামন লাইফ হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ফ্যাশন শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও দেশীয় পোশাকের প্রদর্শনী হয়েছে। সিলোন চেম্বার অব উইমেন এন্টারপ্রেনার্স আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেয় বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ড সিজ এবং অরণ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। গত ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের নারী ফ্যাশন ডিজাইনাররা অংশ নেন। ঢাকা উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাজ ফারহানার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এতে অংশ নেয়।

আয়োজনের প্রথম দিন ১৬ জুলাই ‘থ্রেডস অব ইনক্লুশন: উভেন ফর এভরি ওয়াক অব লাইফ’ প্রতিপাদ্যে নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে প্রতিটি ব্র্যান্ড একটি করে পোশাক প্রদর্শন করে। ১৮ জুলাই চূড়ান্ত পর্বে ব্র্যান্ড সিজ নকশিকাঁথাকে আধুনিক নকশায় ফুটিয়ে তোলে। সিজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সামাহা সুবাহ জানান, এটি তাদের প্রথম আন্তর্জাতিক র‍্যাম্প যেখানে প্রতিটি পোশাকে কারুশিল্প ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হয়েছে। অন্যদিকে, অরণ্য ব্র্যান্ডটি তাদের পোশাকে প্রাকৃতিক রঙের ব্যবহার ও বিভিন্ন কাটিং স্টাইল উপস্থাপন করে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুটি ব্র্যান্ডই এই আয়োজনে পাঁচটি করে পোশাক প্রদর্শন করেছে।