যুক্তরাষ্ট্রের সিয়াটলে মেটার তৈরি এআই এজেন্ট ‘মিউস’-কে অ্যামাজনের ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন, তৃতীয় কোনো প্রতিষ্ঠানের এআই এজেন্ট তাদের প্ল্যাটফর্মে কেনাকাটা করতে এলে তা খোলাখুলিভাবে জানানো উচিত এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে সম্মান জানানো প্রয়োজন।
অ্যামাজনের অভিযোগ, মেটা তাদের প্ল্যাটফর্মে এই এআই এজেন্ট ব্যবহারের বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেয়নি। এছাড়া, ব্রাউজিং করার সময় মিউস নিজের পরিচয় গোপন রাখছে এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বা ক্রেডেনশিয়াল সংগ্রহের চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যামাজন। গত রবিবার থেকে মিউস ব্যবহারকারীরা এ সংক্রান্ত একটি পপআপ মেসেজ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে অননুমোদিত এআই এজেন্টের মাধ্যমে অ্যামাজনে প্রবেশ করা কোম্পানির শর্তাবলি লঙ্ঘন করে।
মেটা অবশ্য এই মাসের শুরুতে মিউস চালুর সময় দাবি করেছিল, এআই এজেন্টটি গ্রাহকদের সুরক্ষিত লগইন বা কার্ডের পেমেন্ট তথ্য দেখতে পায় না। তবে উদ্বোধনের পর থেকেই গোপনীয়তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মিউস অনেক সময় ব্যবহারকারীর বার্তার বিষয়বস্তু দেখতে সক্ষম।
অ্যামাজন দীর্ঘ সময় ধরে তাদের প্ল্যাটফর্মকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তথ্য সংগ্রহ করা থেকে দূরে রাখার চেষ্টা করছে। এর আগে গত বছরের নভেম্বরে পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছিল অ্যামাজন। এছাড়া গত জুলাই মাস থেকে তারা নিশ্চিতকরণ ইমেইলগুলোতে পণ্যের নাম ও ছবি দেওয়া কমিয়ে দিয়েছে, যাতে বাহ্যিক এআই সার্ভিসগুলো এই তথ্য সংগ্রহ করতে না পারে।