যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট থেকে গুগল অ্যাসিস্ট্যান্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো ইমেইলের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোন ছাড়াও স্মার্টওয়াচ, হেডফোন এবং অ্যান্ড্রয়েড অটোতে সংযুক্ত থাকা ডিভাইসগুলো থেকেও এই সুবিধা সরিয়ে নেওয়া হবে। গুগল জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গায় জেমিনি এআই যুক্ত হবে।
প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। একবার বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীরা আর গুগল অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারবেন না। যেসব অঞ্চলে জেমিনি ব্যবহারের সুযোগ রয়েছে এবং ডিভাইসের প্রয়োজনীয় সক্ষমতা আছে, সেখানে কেবল এই এআই প্রযুক্তিই কাজ করবে। তবে গুগল হোম বা গুগল টিভির ডিভাইসগুলো আপাতত এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে। গুগল বিল্ট-ইন কারগুলোতেও আপাতত গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।
এর আগে ২০২৫ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধের পরিকল্পনা করা হলেও তা পিছিয়ে এই বছর নির্ধারণ করা হয়। দীর্ঘদিনের পরিচিত এই সেবাটি গুগলের বন্ধ হয়ে যাওয়া পণ্যের তালিকায় যুক্ত হতে চলেছে।