সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন হসায়েন আল-মুতাইরি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি; কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ দুই দেশের সম্পর্কের গুরুত্ব প্রকাশ করে। এই ধারাবাহিকতায় ঢাকা-রিয়াদ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। প্রধানমন্ত্রীর সৌদি সফর কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। গ্রীষ্মের পর সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।